স্বদেশ

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বাঁশখালীবাসী

সুপ্রভাত ডেস্ক >>

প্রধানমন্ত্রীর অপেক্ষায় বাঁশখালীর মানুষ। টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের পাশে দাঁড়াতে এ সফরকে ঘিরে বাঁশখালীতে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের নানা সমস্যা ও সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা ও কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

---------

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বাঁশখালী আসছেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর অপেক্ষা।

বন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বসতঘর, কৃষিজমি ও মৎস্যসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাঁশখালীর দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান তারা। বেড়িবাঁধ সংস্কার ও শক্তিশালীকরণ, জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, কৃষকদের ক্ষতিপূরণ এবং নদী-খাল পুনঃখননের মতো বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরে আনার প্রত্যাশা তাদের।

বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা নিয়াজ চৌধুরী বলেন, আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখবেন এবং বাঁশখালীর দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।