এ মুহূর্তের সংবাদ

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ

সুপ্রভাত ডেস্ক »

‎রাঙামাটিতে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে নবদ্বীপ বড়ুয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ নবদ্বীপ বড়ুয়া খাগড়াছড়ি জেলার তেঁতুলতলা এলাকার বাসিন্দা এবং প্রদীপ চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবদ্বীপ বড়ুয়া তার অপর এক বন্ধুর সাথে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। হ্রদের পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলেও অপর বন্ধু তীরে উঠতে সক্ষম হয়।

‎বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, নবদ্বীপ বড়ুয়া ও তার বন্ধু একটি বিয়েতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছিল। আজ দুপুরে কাইন্দ্যারমুখের জারুলতলা এলাকায় হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায় সে। আমি খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসকে জানাই।

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।