নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>
চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কামরুল ইসলামের (৩০) ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা কামরুল ইসলামকে মারধর করে তার সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিক কামরুল ইসলাম জানান, মাদক ও বালুবাহী ট্রাক থেকে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলায় তার মাথা ও বুকে আঘাত লাগে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















































