সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা আশিশ বণিক। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ বণিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া এলাকার আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, দেবরাজ তার বাবাকে নিয়ে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দেবরাজ ও তার বাবা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন। আহত তার বাবা আশিশ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, “রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেবরাজ বণিককে মৃত ঘোষণা করা হয় এবং তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “ঘটনার পরপরই পুলিশের একটি টিম হাসপাতালে যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















































