সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় নবনির্মিত ‘রহমতপুর বিওপি’ উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনে নির্মিত এই বিওপির উদ্বোধন করা হয়।
বিজিবি মহাপরিচালক বলেন, ফেনী নদীর অববাহিকা ও পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নতুন বিওপি স্থাপনের ফলে দুর্গম পাহাড়ি এলাকা ও নদীপথে বিজিবির টহল ও নজরদারি বাড়বে এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদক পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে এবং এ অঞ্চলের সীমান্ত নিরাপত্তা শক্তিশালী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।




















































