শৈল-সৈকত ও দেশগ্রাম

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি >>

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মারুফ পারভেজ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও নিহতের পরিবার।

---------

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর সামিহার স্বামী মারুফ পারভেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলায় মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

নিহতের মা রুপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। স্বামী মারুফ পারভেজ একাধিকবার নেহাকে নির্যাতন করেছেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, সর্বশেষ মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।