নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগতরাত সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজার সংলগ্ন বাড়িতে ঘরের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা মূলতঃ চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বসতবাড়িতে তাঁর ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। মঙ্গলবার রাতে কেয়ারটেকারের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে চোরের দল ভেতরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএস ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এবিষয়ে এমপির ভাগিনা সাইফুল ইসলাম জানান, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এর আগে মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। পরপর দু’বার একই বাড়িতে এমন চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















































