নিজস্ব প্রতিবেদক »
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে এবং ইউসিটিসি স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ফুটবল টুর্নামেন্ট ‘দ্য প্রোজ অ্যান্ড গোলস শোডাউন সিজন ৪’।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আহিয়ান স্পোর্টস অ্যারেনা’ মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
এবারের সিজনে সর্বমোট ৫টি দল অংশ নেয়, যার প্রতিটি দলের সকল খেলোয়াড়ই ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী। মাঠজুড়ে খেলোয়াড়দের তুমুল উত্তেজনা আর বিভাগের শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে রানার্স-আপ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ‘ট্রফি হান্টার্স’। বিজয়ী দলের ম্যানেজার ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দারুণ লড়াই করে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ‘দ্য লিঙ্গুইস্টিক রেইন’।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন ইউসিটিসি-এর সম্মানিত রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমান সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক, সহকারী রেজিস্ট্রার এস এম শাহিদুল আলম এবং হেড অব অ্যাডমিশন অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং অভিমান ঘোষ দস্তিদার।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ামুখর পরিবেশ সৃষ্টি, ক্লাসরুমের বাইরে দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় আয়োজক কমিটি, অংশগ্রহণকারী সকল দল এবং সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


















































