বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
ফিচার শিল্প-সাহিত্য

মমতাজ উদ্দীন পাটোয়ারীর ইতিহাসতত্ত্ব

গ্রন্থ-আলোচনা

গোলাম কিবরিয়া ভূইয়া

ইতিহাস একটি প্রাচীন বিদ্যা। গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাস বিদ্যা শুরুতে ছিল জনশ্রুতি ও চাক্ষুষ বিবরনীনির্ভর এক বিদ্যা। কালক্রমে এটি হয়ে উঠেছে বিজ্ঞানসম্মত প্রামাণিক একটি বিদ্যা। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ হয়ে ইতিহাস চর্চা অথবা ইতিহাস তত্ত্ব এখন অনেকটাই জন ইতিহাস হয়ে উঠেছে। এক সময় যে বিদ্যায় শুধু রাজ-রাজড়া ও সামরিক জয়-পরাজয়ের বিবরণ ছিল সেখানে এখন নানামুখী প্রামাণ্য ইতিহাস রচিত হচ্ছে। একটি জনপদের সামষ্টিক ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক, সামরিক ইত্যাদি সবকিছুই এখন ইতিহাসের বিষয় হিসেবে আলোচিত ও বিশ্লেষিত হচ্ছে ।
আলোচ্য গ্রন্থটি লিখেছেন ড. মমতাজ উদ্দীন পাটোয়ারি। তিনি দীর্ঘদিন ইতিহাসের অধ্যাপক হিসেবে চট্টগ্রাম ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ইতিহাসতত্ত্ব গ্রন্থটি লিখতে গিয়ে তিনি একটি মূল্যবান ভূমিকা লিখেছেন। ভূমিকার শুরুতে তিনি লিখেছেন, ‘ইতিহাসের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ঐরংঃড়ৎরড়মৎধঢ়যু বিষয়টি বেশ কঠিন এবং দুর্বোধ্য বিষয় বলে প্রচার রয়েছে। হিস্টোরিওগ্রাফি ইতিহাস বিষয়ে খুব বেশিদিন আগে অন্তর্ভুক্ত হয়নি । ফলে অনেক শিক্ষকই এ বিষয়ে অধ্যয়ন করার খুব একটা সুযোগ পাননি। বাংলা ভাষায় এই বিষয়ে মানসম্মত পাঠ কিংবা সহায়ক বইও লিখিত হয়নি বললেই চলে । তা ছাড়া হিস্টোরিওগ্রাফির বিষয়বস্তুর ধরন চরিত্র ধারণা মোটেও প্রথাগত ইতিহাসের ঘটনাবলী কিংবা বিষয়বস্তুর সঙ্গে সহজে মেলানো যায় না।’
লেখকের এই মন্তব্য দ্বারা গ্রন্থটির উপযোগিতা সম্পর্কে ধারণা করা যায়। গ্রন্থে রয়েছে পনেরটি অধ্যায়। প্রতিটি অধ্যায় ছোট ছোট অনুচ্ছেদে বিভক্ত রয়েছে। কয়েকটি অধ্যায়ের শিরোনাম হিসেবে রয়েছে- ইতিহাস তত্ত্বের বিষয়বস্তু, প্রাচীনযুগের ইতিহাসতত্ত্ব, রোমান ইতিহাসতত্ত্ব, প্রাচীন চীনা ইতিহাসতত্ত্ব, প্রাচীন ভারতীয় ইতিহাসতত্ত্ব, মধ্যযুগীয় ইতিহাসতত্ত্ব, আলোকিত যুগের ইতিহাসতত্ত্ব, ইতিহাসতত্বে বহুমাত্রিক চিন্তাধারার উদ্ভব ও বিকাশ ইত্যাদি। এসব অধ্যায়ে ইতিহাসতত্ত্বের কাল বিভাজন থেকে শুরু করে নানা বৈশিষ্ট্য অত্যন্ত শ্রম দিয়ে লেখক আলোচনা করেছেন। গ্রন্থটি যাতে সুলভে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারে সে জন্য প্রকাশক গ্রন্থের মূল্য স্থির করেছেন মাত্র একশত পঁচাত্তর টাকা। ইতিহাস পঠন-পাঠনে গ্রন্থটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলা যায়। এই মূল্যবান ও প্রয়োজনীয় গ্রন্থটি রচনা করার জন্য লেখক অধ্যাপক পাটোয়ারীকে অভিনন্দন জানাই। সেই সাথে সুলভ সংস্করণের জন্য প্রকাশককে জানাই ধন্যবাদ।