এ মুহূর্তের সংবাদ

চসিক কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে শীর্ষ পদে স্বতন্ত্র জোটের জয়

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ঐক্য জোট। শনিবার দিবাগত রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যকরী পরিষদের ২৩টি পদের মধ্যে ৯টি পদে ভোটগ্রহণ হয়। বাকি ১২টি পদে প্রার্থী না থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফলাফলে সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শাহজাদা ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাত পারভীন পেয়েছেন ১৫৬ ভোট। সহ-সভাপতি পদে মুহাম্মদ নুরুল আলম আযাদ ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জিন্নাত-সিদ্ধার্থ পরিষদের বিশ্বনাথ নাথ ১৮৮ ভোট পেয়ে সহ-সভাপতি-২ নির্বাচিত হন এবং একই প্যানেলের মিজানুর রহমান ১৮১ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন শামসুল হক আকাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ কর পেয়েছেন ১৭২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র ঐক্য জোটের মোহাম্মদ গোলাম ফারুক ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ড. চিন্ময় গুহ ও সাইফুল ইসলাম প্রত্যেকে ১৯০ ভোট পান।

দপ্তর সম্পাদক পদে ফিরোজ আলম ২০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে ১৭২ ভোট পেয়ে ওমর ফারুক বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী ফাতেমা আক্তার পান ১৭১ ভোট। ক্রীড়া সম্পাদক পদে নুরুল আবছার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-অর্থ সম্পাদক পদে মু. জাহিদুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে জয় লাভ করেন। সহ-শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আয়েশা নাজনীন ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক পদে শাহানাজ বেগম, অর্থ সম্পাদক পদে আহমদ শাহ আলমগীর, শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহামিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজাদ হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আবছার, সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে আলী হায়দার, সহ-ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ ইকবাল এবং নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আবু তালেব, সাহেদুল কবির চৌধুরী ও মোহাম্মদ মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চসিক পরিচালিত ২৪টি কলেজের মোট ৩৮৬ জন বৈধ ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটার উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৯ শতাংশ।

নির্বাচনে জিন্নাত-সিদ্ধার্থ পরিষদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থীদের ঐক্য জোট ৯টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের মধ্যে ৮টিতে জয় লাভ করে শীর্ষস্থান দখল করে নেয়।