নিজস্ব প্রতিবেদক »
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সদস্য মো. হেদায়েত উল্যাহ।
সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে নবনির্বাচিত পরিচালকমন্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করেন। তিনি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও এই প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন।
আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়।
সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই।
সহ-সভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।


















































