এ মুহূর্তের সংবাদ

মানিকছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভিকটিমকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যমপাড়ার চিতাখোলার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও ভিকটিমকে চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মো. জোনায়েদকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযুক্ত জোনায়েদ পলাতক রয়েছেন।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি রবিন হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।