২৬ থেকে ৩১ মার্চ কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন

সুপ্রভাত ডেস্ক »

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কর্ণফুলী টানেলে সাময়িকভাবে ট্রাফিক ডাইভারশন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৫ মার্চ) সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলটির রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের একটি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে চালু রাখা হবে।

ট্রাফিকের চাপ অনুযায়ী উভয়মুখে চলাচলকারী যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যাত্রীদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে সবার সহযোগিতা কামনা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।