স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত

সিবিআইইউ এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস। ফাইল ছবি

সুপ্রভাত ডেস্ক »

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৭ মার্চ জারিকৃত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকসহ অন্যান্য) প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে প্রতীয়মান হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী।

এতে আরও বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর কর্মকাণ্ডে জড়ানো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এ প্রেক্ষিতে কর্তৃপক্ষের আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।