সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা, আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

সীতাকুণ্ডে ড্রেজারের নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের একটি খাল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়া হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত সালাউদ্দিন সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে সালাউদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে সালাউদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সালাউদ্দিন নিখোঁজ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা সেটি সালাউদ্দিনের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-২০ জনকে আসামি করে মামলা করেন।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।