সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান

সুপ্রভাত ডেস্ক »

সম্পাদক পরিষদের এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রামিূলক মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে এখনো অনেক সাংবাদিক কারাবন্দি রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুন্ন হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, কোন সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণ সাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে।

সম্পাদক পরিষদ মনে করে, ন্যায় বিচারের স্বার্থেই অভিযোগের যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিশ্চিত হওয়া প্রয়োজন। কিন্তু হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণাদিত মামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছিল, যাতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করা হয় এবং সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এবং তারা আমাদের আশ্বস্তও করেছিলেন যে, মামলাগুলো খতিয়ে দেখা হবে এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দুঃখজনকভাবে এ বিষয়ে কাঙ্খিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

বিবৃতিতে সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ গ্রহণের ব্যাপারে নবনির্বাচিত সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।