এ মুহূর্তের সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা রোধে সচেতন থাকতে হবে: মেয়র

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনার নতুন ধরনের অমিক্রণ সারাদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে সরকার যে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে তা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তিনি শিক্ষক ও অভিভাবকদের করোনা সংক্রমণ বৃদ্ধিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনের মাধ্যমে সরাসরি ও অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দেন।

গতকাল সোমবার সকালে টাইগারপাসের অস্থায়ী নগর ভবনে সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, গভর্নিং বডির সদস্যসচিব অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মো. মুজিবুর রহমান, সাহেদ হোসেন, ইসরাত ফারহানা, শিক্ষক প্রতিনিধি আবদুল হক, মহরেন্দু নারায়ণ ধর।

মেয়র আরও বলেন, সারাদেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি খুব দ্রুতগতিতে চলছে। এ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ নিতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা দেওয়ার সরকারের যে পরিকল্পনা আছে তা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে।

তিনি চসিক মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের পাঠদানের বিষয়ে আরো মনোযোগী হতে আহ্বান জানান। বিজ্ঞপ্তি