সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত মোহাম্মদ দিদার (৫০) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আহমদ মিয়ার পুত্র। এ ঘটনায় উপস্থিত জনতা মো. তৈয়ব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত দিদারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিদারের রিয়াজউদ্দিন বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্ত তৈয়ব প্রায় ৭-৮ বছর আগে ওই দোকানে কাজ করতেন। পরবর্তীতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছিল। সালিশে তৈয়ব মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন বলে জানা গেছে। যদিও পরবর্তীতে বিরোধটি মীমাংসা হয়েছে বলে দাবি করা হয়।
স্বজনরা জানান, প্রতি শুক্রবারের মতো ব্যবসায়ী দিদার গ্রামের বাড়িতে এসে তার বাবা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। শুক্রবারও তিনি বাড়ির কাজ শেষ করে নগরের বাকলিয়ায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা তৈয়ব মইজ্জারটেক এলাকায় তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দিদারের মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেনের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে দিদারকে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় দিদার মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং মারা যান। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।


















































