মুক্তিযুদ্ধে নদীর সম্পূর্ণ দলিল

ফাল্গুনী পাঠক »

এদেশের সৌভাগ্য যে এই দেশ প্রাকৃতিক পরিকল্পনার; বর্ষাকালে পানি এসে ছড়িয়ে পড়ে, ডুবে যেতো, পলি জমতো, তখন পরবর্তীতে ফসল ভালো হতো। যেমনি পুরো জমির মধ্য দিয়ে নালা আছে, নালা দিয়ে পানি ছাড়ে। এটাকে বড় করে দেখলে পুরো বাংলাদেশটা এরকমই। এই সুবাদে বলতে হয় মাছ হচ্ছে সৃষ্টির প্রথম প্রাণী। খাদ্যের যোগানে নদীর প্রতি মানুষের সংযোগ এবং যোগাযোগের তাগাদা থেকে নদীর ওপর বয়ে গেছে যান-বাহন; হিমালয়ের পলি এসে জমতে জমতে কোথাও বাসযোগ্য জায়গা আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক নদী খাল। বাংলাদেশের অস্তিত্ব জানান দেওয়া শুধু নয় সুপ্রতিষ্ঠার জন্য ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নদী যেন সত্যিকারের মায়ের মতোন রূপলাভ করেছে ; নদী- এই দেশের মানুষকে বুকে আগলে রেখে পাকিস্তানি অহংকার চূর্ণ করার সেই অসামান্য দালিলিক প্রমাণ যেন মোহাম্মদ এজাজের সম্প্রতি প্রকাশিত ‘১৯৭১: মুক্তিযুদ্ধের নৌ-অভিযানগুলোর সামরিক বিশ্লেষণ’ গ্রন্থটি; মুক্তিযুদ্ধে অসম লড়াই যেন বাংলাদেশের বাস্তবিক অর্থে, কেননা পাকিস্তান ছিল শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। সেখানে এই দেশে জালের মতো ছড়িয়ে পড়া নদীর স্বভাব কেবল এখানের মানুষই জানতো। এখানেই পাকিস্তানিদের দাম্ভিকতা কিংবা অতি আত্মবিশ্বাসের দেয়াল তলিয়ে যায়। এটাই টার্নিং পয়েন্ট মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে; নদীপথে গেরিলা যুদ্ধ, পাকিস্তানি চলার পথে হঠাৎ ব্রিজ উড়িয়ে দেওয়া, নদীর জলে এই দেশের মুক্তিযোদ্ধারা হাঙর নদীর গ্রেনেড যেন; এই দেশকে এমনি এমনি নদীমাতৃক বলে না সেটি মহান মুক্তিযুদ্ধে প্রমাণ হয়েছে। ‘১৯৭১: মুক্তিযুদ্ধের নৌ-অভিযানগুলোর সামরিক বিশ্লেষণ’ গ্রন্থটি শুধু নদী ও মুক্তিযুদ্ধ নিয়ে বলা নয়, নদী আমাদের সভ্যতার সত্তা এমনকি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যতোসব যুদ্ধ সেসবের বিস্তারিত তথ্য ও বিচার বিশ্লেষণ; মুক্তিযুদ্ধে সামরিক অভিযানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন বাঙালি ও পাকিস্তানির প্রতিটা ক্রিয়া ও প্রতিক্রিয়ার বিবিধ ব্যাখ্যা দিয়ে। সকল সেক্টরের সংঘটিত নদীপথের একটা মানচিত্র এঁকে ক্ষান্ত হননি মানচিত্রের প্রতিটা ইঞ্চিতে ঘটনা পরিবেশ ও পরিস্থিতি সবিস্তারে সরল বয়ানে উপস্থিত করেছেন। বৃহৎ কলেবরের গ্রন্থটির একটানা পাঠে কোনও ক্লান্তি আসবে না, বরঞ্চ নতুন সত্য জানার স্পৃহায় পাঠক এগিয়ে যাবে। মোহাম্মদ এজাজ এই দেশের পরিবেশ বিশেষত নদী নিয়ে মহৎ লেখক ও সম্পাদক। ইতোমধ্যে শুধু নদী নিয়ে ওনার ছোট কাগজ ‘অববাহিকা’ নন্দিত। নদী নিয়ে মোহাম্মদ এজাজের পূর্বের ভাবনা-কর্ম দেখে মুক্তিযুদ্ধে নদী নিয়ে আগাগোড়া আলাপ উপস্থাপন হবে সেটিতে বিস্মিত নই! বরঞ্চ এটি দায়িত্বশীল প্রশংসনীয় গ্রন্থ। এখনকার সচেতন বাংলাদেশির প্রত্যেকের কাছে এই গ্রন্থটি অবশ্যই পাঠের দাবি রাখে….

১৯৭১: মুক্তিযুদ্ধের নৌ-অভিযানগুলোর সামরিক বিশ্লেষণ
মোহাম্মদ এজাজ
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫।
প্রকাশক: জাগতিক প্রকাশন।
পৃষ্ঠা: ৫৫৯। মূল্য: ১৫০০ টাকা