সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক অজ্ঞাত যুবকের (বয়স আনুমানিক ৩৫ বছর) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মিরসরাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ঝরনার কূপের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকারী দল এসে মরদেহটি পানি থেকে তুলে নিয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি; পরিচয় শনাক্তে কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


















































