মাই লাইফ প্লাস মাইনাস

বই আলোচনা

গোলাম কিবরিয়া ভূইয়া »

ইংরেজি ভাষায় রচিত আত্মজীবনী আমাদের দেশে তেমন বেশি নেই। রাজনৈতিক কারনে সুরেন্দ্রনাথ ব্যানার্জী লিখিত Making of a Nation (১৯২৫) গত একশত বছর ধরে যেমন আলোচিত ও বিশিষ্ট একটি গ্রন্থ তেমনি নীরদ সি চৌধুরির Autobiography of an Unknown Indian সামাজিক ইতিহাস চর্চায় বহুল প্রচারিত একটি আত্মচরিত হিসেবে পরিচিত। বর্তমান গ্রন্থপ্রণেতা দেশের একজন বিশিষ্ট লেখক ও লেখক পরিবারের সদস্য। সাহিত্যিক মাহবুব উল আলমের সন্তান মোহীত উল আলম দেশের একজন বিশিষ্ট শেক্সপিয়ার গবেষক ও অনুবাদক। তিনি প্রবন্ধ লেখক ও শেক্সপিয়ারের নাটক অনুবাদক হিসেবে বিশেষ পরিচিত। কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অদ্যাবধি সক্রিয় রয়েছেন। এ ছাড়া তিনি ত্রিশাল (ময়মনসিংহ) এর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । বর্তমান গ্রন্থটি তার আত্মজীবনী। এটি প্রকাশ করেছে ঐতিহ্য (ঢাকা)। প্রকাশনীর সহযোগী গ্রিপার মার্ক নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। আলোচ্য গ্রন্থটিতে রয়েছে বিশটিরও বেশি অধ্যায় এবং গ্রন্থের শেষে রয়েছে একটি ছবির অ্যালবাম। অ্যালবামে পারিবারিক ও জীবনের নানা পর্যায়ের বহুসংখ্যক ছবি স্থান পেয়েছে। ড. মোহীত তার আত্মজীবনীর শুরু করেছেন The Child that| was অধ্যায়ে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফেরা সৈনিক মাহবুবুল আলমের সন্তান ছিলেন তিনি। তার বড় সহোদরদের মধ্যে মঈনুল আলম ও সবিহ উল আলম তাদের পেশাগত জীবন নিয়ে দেশে পরিচিত। তার অনুজ সাজেদ উল আলম ছিলেন বিশিষ্ট ব্যান্ড দল সোলস এর সংগঠক। চট্টগ্রামের সামাজিক পরিমণ্ডলে আলম পরিবার বিশিষ্ট হয়ে আছে । বাস্তবে চট্রগ্রামের সাহিত্যিক ও সাংস্কৃতিক জগতে আলম পরিবারের সংশ্লিষ্টতা সার্বিকভাবে পরিচিত। আত্মজীবনীটির বিভিন্ন অধ্যায়ের শিরোনাম লেখক মোহীত উল আলমের বেড়ে ওঠার ঘটনাবলীকে বা পর্যায়গুলোকে ভিত্তি করে দেওয়া হয়েছে। যেমন- স্কুলজীবনের অভিজ্ঞতা নিয়ে লিখিত হয়েছে- A School I hated I A New school. আবার তার অগ্রজ সবিহ উল আলমের বিয়ে নিয়ে লেখা হয়েছে- Sabih Bhai got married and moved to a New house ইত্যাদি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে পারিবারিক সিদ্ধান্তে তিনি চট্টগ্রাম কলেজে ফিরে আসেন এবং অনার্স অর্জন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিভাগে মাস্টার্স অর্জন করেন। মোহীত উল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা লিখেছেন A small year at Chittagong University অধ্যায়ে । পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার পূর্বে একটি কলেজে কয়েক মাস শিক্ষকতা করেন তিনি । দাম্পত্য জীবনের শুরু ও সন্তানের জনক হওয়া নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট অধ্যায়ে। কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অর্জন, সে সময়ের অভিজ্ঞতা ও আর্থিক অনটন ইত্যাদি নিয়ে লেখক তার অভিজ্ঞতা লিখেছেন গ্রন্থে। জীবনের নানা পর্যায়ের অভিজ্ঞতা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও সরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জ নিয়ে আত্মজীবনীর বিভিন্ন অধ্যায় লিখেছেন। সবশেষ অধ্যায়টি Good bye to this Narrative শিরোনাম দিয়ে লিখিত হয়েছে। মোহীত উল আলমের কর্মজীবন অব্যাহত আছে। তিনি তার এই আত্মজীবনী ইংরেজী ভাষায় লিখলেও তা সহজবোধ্য ও আকর্ষণীয় ।
গ্রন্থটি পাঠে পাঠকেরা গত শতকের শেষার্ধ ও বর্তমান শতকের শুরুতে ঘটে যাওয়া ঘটনাবলীর চরিত্র ও সামাজিক ইতিহাসের বিবর্তন অনুধাবন করতে পারবেন।