ভোটের ফল যেটাই হোক, ঐক্য ধরে রাখতে হবে: ডা.শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য জনগণের দীর্ঘ লড়াইয়ের ফল এই নির্বাচন। বহু বছর পর আমরা মুক্ত পরিবেশে, কোনো নিষ্পেষণ নির্যাতন ছাড়াই আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, তখনকার নির্বাচনগুলোতে ভোটারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং একাত্মতা ছিল। ফলাফল যা-ই হোক না কেন, সবাই তা মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, পাঁচ বছর আগে ২০২১ সালে একই কেন্দ্রে ভোট দিতে এসে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। সে সময় আমার নারী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন।

আজ এখানে যে ভোটের পরিবেশ-আমি বলব এটি একটি উৎসবমুখর পরিবেশ। আমরা বারবার বলেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই অধিকার আজ প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমি মনে করি। এ জন্য প্রশাসন, সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা কোনো সংঘর্ষ চাই না। আমরা চাই একটি উৎসবমুখর পরিবেশ। আজও ফলাফল যেটাই হোক না কেন-এই আন্তরিকতা ও ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে। নিরাপদ শহরে সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে, কেউ যেন ভোট দিতে এসে অপমানিত বা নির্যাতিত না হয়। গত ১৬ বছরে নির্বাচন অনেক ক্ষেত্রে নির্যাতনে পরিণত হয়েছিল।

আমরা চাই আজকের পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকুক। 
ভোটাররা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবেন, প্রিসাইডিং অফিসার কর্তৃক ফলাফল প্রকাশের পর সবাই ঘরে ফিরে যাবেন এবং নির্বাচন প্রকৃত অর্থেই গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে-বলেন তিনি।