সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নগরের এক গুরুত্বপূর্ণ সড়কের অংশ হঠাৎ দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে।
নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চার লেনের সড়কে দুই লেন বন্ধ থাকলেও বাকি দুই লেনে গাড়ি চলাচল করছে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলের পাশেই চলমান রয়েছে খাল ঘিরে প্রতিরোধদেয়াল নির্মাণকাজ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কাজটি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাস্তবায়নে রয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রায় তিন বছর আগে একই এলাকায় খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছিল। বর্তমানে খালের পাড় ঘেঁষে প্রতিরোধ দেয়াল তৈরির কাজ চলমান রয়েছে।
সিডিএ’র প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন জানান, সড়ক ধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সাময়িকভাবে স্থিতিশীল করার কাজ চলছে। বৃষ্টি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম শুরু করা হবে।


















































