বুবুর নাটাইঘুড়ি

শাম্মী তুলতুল »

পোনাইর জগত খুব ছোট। কিন্তু ছোট্ট জগতে তার ভাবনা অনেক বড়। কল্পনা করে অনেক কিছু। মায়ের কাছে সে রুপকথার গল্প শোনে । শোনে জঙ্গলে বাঘ- ভাল্লুকের গল্প। আকাশে চাঁদের বুড়ির গল্প। ছোট্ট চোখ দুটো আকাশে দাঁড় করিয়ে ভাবে ইসস্ আকাশে যদি বেড়াতে যাওয়া যেত?
বুবুকে বললেই নিশ্চয় আকাশে যাওয়ার একটা ব্যবস্থা কওে দেবে। তার ছোট ছোট ইচ্ছেপূরণে বুবুর সহযোগিতা পায় সে। তাই সে ভাবে বুবুকে বললেই হয়ে যাবে। বুবুর কথা মনে পড়তেই আকাশ থেকে চোখ সরিয়ে বুবুর কাছে ছুটে আসে পোনাই।
বুবু ও বুবু আমাকে একবার আকাশ থেকে বেড়িয়ে নিয়ে এসোনা।
বুবু তার কথা শুনে চমকে গেলো। কী বললি?
আকাশে বেড়াতে যাবো।
বুবু ভাইয়ের কথা শুনে এবার হি হি করে হাসে।
হাসছ কেন বুবু?
তোর কথা শুনে।
তাতে কী দোষ হয়েছে?
পাগলা আকাশে বেড়াতে গেলে প্লেনে চড়তে হবে।
প্লেন, সেটা আবার কী?
দাঁড়া দেখাচ্ছি।
বুবু তার ব্যাগ থেকে একটা বই বের করে প্লেনের ছবি দেখিয়ে বলে, এই দেখ এটাকে প্লেন বলে। এটি আকাশে ওড়ে। একে ইংরেজিতে এরোপ্লেন বলে। এই এরোপ্লেন যে চালায় তাকে পাইলট বলে।
পাইলট?
হুম পাইলট।
তাহলে আমি পাইলট হবো। আমার আকাশে ওড়ার খুব ইচ্ছা।
পড়াশোনা শেষ করে বড় হয়ে তাই করিস । কিন্তু মন দিয়ে পড়তে হবে।
বড় হওয়ার কথা শুনে পোনাইর মুখটা অন্ধকারে ছেয়ে গেলো। কবে যে বড় হবে তাই ভেবে।
পোনাই দৌড়ে মায়ের কাছে গেলো। যেতেই মায়ের সাথে ধাক্কা খেলো। ধাক্কা লাগতেই মায়ের হাতে থাকা সব চাল পড়ে গেলো মাটিতে।
আহারে বাছা কাজ করছি দেখছিস না? যা এখান থেকে।
মায়ের ধমকে মন খারাপ করে পোনাই বাড়ির এক কোণে বসে রইল।
তা দেখে বোনেরও মন খারাপ হয়ে গেলো। আকাশে চড়তে অনেক টাকা -পয়সা লাগবে। সে সামর্থ্য যে তাদের নেই এই কথা ভাইকে বলার মতো সময় হয়নি এখোনো। বোন এগিয়ে এসে ভাইয়ের থুঁতনি ধরে বলে, আহারে মুখটা লালে লাল।
বিরক্ত হয়ে পোনাই বলে, মুখ আবার লাল হয় নাকি, কিছু বুঝি না ভাবো?
ইসিরে কান ধরলাম মস্ত বড় ভুল হয়ে গেছে।
এই বলে, বুবু কিছু পয়সা জামার পকেট থেকে বের করে বলল, আমি এই গেলাম-এই আসলাম তুই কোথাও যাসনে। ভাই তার কথা গুরুত্ব না দিয়ে গোমড়া করে মুখ ফিরিয়ে নিল।
খানিক বাদে বুবু এসে হাজির। হাতটা বাড়িয়ে দিলো ভাইয়ের দিকে। দেখ কী এনেছি তোর জন্য।
দেখে পোনাইর চোখ কপালে। নাটাই ঘুড়ি?
হুম। নাটাই ঘুড়ি।
বুবু তুমি আমার মনের কথা জানলে কী করে?
আমি যে তোর বুবু তাই।
খুব ভালো করেছো। কতদিন নাটাইঘুড়ির কথা মাকে বলবো ভেবেছি কিন্তু বকা খাওয়ার ভয়ে বলিনি।
আর বলতে হবে না। এবার ইচ্ছেমতো ঘুড়ি ওড়া।
পোনাই নতুন খেলনা পেয়ে মহাখুশী। ভাইয়ের হাসিমাখা মুখটা দেখে বুবুর বুকটা আনন্দে ভরে গেলো। মনে মনে বলল, দেখিস একদিন তুই ঠিকই আকাশে উড়বি, কথা দিলাম।