বাঁশখালীতে ভোট দিলেন তিন প্রার্থী

সুপ্রভাত ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোট দিলেন তিন প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম গুণাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পা।

সকাল সাড়ে ৭টায় স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী পশ্চিম গন্ডামারা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। একই সময়ে শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

বাঁশখালী আসনে ৭ জন প্রার্থী। বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ), বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারার পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার), গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল) নির্বাচনের মাঠে রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ১১২টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৪ হাজার ৫৬০ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।