দোস্ত বিল্ডিংয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগের অফিস

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় এলাকায় প্রায় চার মাস বন্ধ থাকার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তারা নতুন সাইনবোর্ড টাঙান। এর আগে গত বছরের ২১ অক্টোবর একদল যুবক কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়টিতে যান। এ সময় তারা সেখানে আগে থেকে লাগানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সাইনবোর্ডটি সরিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড স্থাপন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার দরজার ওপর লাগানো হচ্ছে। ছাত্রলীগ নেতা শওকত উল আনাম জানান, কার্যালয়ের তালা খুলে তারা ভেতরে প্রবেশ করেন। তবে ভেতরে আগের কোনো চেয়ার, টেবিল, মাইক, আইপিএস, আলমারি কিংবা ফাইলপত্র পাওয়া যায়নি। পরে কার্যালয়ে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়।

এদিকে আওয়ামী লীগের কার্যালয় খোলার আগের দিন রোববার নগরের লালদীঘির পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কের পাশের দেয়ালে স্থাপিত ওই ম্যুরালটি ধুয়ে-মুছে পুনরায় দৃশ্যমান করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। একই সময়ে লালদীঘির ওই ম্যুরালে কালি লাগিয়ে ও কাগজ সেঁটে ঢেকে দেওয়া হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় কার্যালয়টি খুললেন সংগঠনটির নেতাকর্মীরা।