সুপ্রভাত ডেস্ক »
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৃষক, মা-বোন, মসজিদের ইমাম-খতিবসহ সব শ্রেণির মানুষের পাশে থাকবে এই সরকার। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তাদের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের প্রায় ৪ কোটি পরিবারের কেউ না কেউ কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই কৃষির উন্নয়ন মানেই জাতীয় উন্নয়ন।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ২২ হাজার কৃষককে কৃষক কার্ডের সুবিধার আওতায় আনা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে প্রথম সপ্তাহেই কৃষকদের জন্য ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বন্যার পানি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা সম্ভব হয়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর পাইলট প্রকল্প শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটি নারীপ্রধান পরিবারগুলোতে সম্প্রসারণ করা হবে।


















































