সুপ্রভাত ডেস্ক »
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার নির্ধারিত ভোট অনুষ্ঠিত হচ্ছে না।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৪ এপ্রিলের নির্ধারিত ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম সই করেন।
এর আগে গত ৩ মার্চ নির্বাচনসংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ৪ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল।
বিজ্ঞপ্তিতে ভোট স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া নির্বাচন কবে অনুষ্ঠিত হবে বা নতুন তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।




















































