সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের ৩টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব ও রাইয়ান ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তারা জানান, বাকলিয়ার নতুনব্রীজ এলাকার মীর ফিলিং স্টেশন এবং সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বানু বাজার এলাকার ফুয়েল প্লাস ফিলিং অ্যান্ড সার্ভিসিং নামীয় দুইটি পেট্রোল পাম্পকে ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে।
অপরদিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর উত্তর সলিমপুর এলাকায় অবস্থিত মা ফাতেমা সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিসপেন্সিং ইউনিট পুনরায় ভেরিফিকেশন করে সঠিকভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরীক্ষক মো. রাশেদ দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















































