টপ নিউজ

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ : মেয়র

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ৭–৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (১২ এপ্রিল) নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড নিউ মনসুরাবাদ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মেয়র এ তথ্য জানান।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় এরইমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান। এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্বোধন করা নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার (১০৩ দশমিক ৩ ফুট) এবং প্রস্থ ৩ মিটার (১০ ফুট)। ব্রিজটিতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবে।

মেয়র বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের নিকটবর্তী হওয়ায় এই ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় জনগণ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নং উত্তর কাট্টলী ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।

তিনি আরও বলেন, এই ব্রিজ নির্মাণের ফলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকদের জীবন ও চলাচলকে নিরাপদ করা। পরিকল্পিত ফুটওভার ব্রিজ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পথচারী ও যানবাহন—উভয়ের জন্যই একটি নিরাপদ নগর গড়ে তোলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য।

প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং নির্মাণ কাজ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিন।