উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ১৬টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন কেন্দ্রে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫ লাখ ১ হাজার ৯১৬ জন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩লাখ ৩৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৫ লাখ ৬ হাজার ৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন ভোটার রয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, ভোটারদের নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি রাখা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।




















































