বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ভোট আমাদের জন্য বিশেষ। কারণ বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছর ভোট দিতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভোটাধিকার প্রয়োগের পর অনুভূতি প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আবার একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে ফিরে যাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। বারবার তারা বিএনপির নেতৃত্বের ওপর ভরসা করেছে। এবারও আমি লক্ষ্য করছি, মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে সেই দৃশ্যমান প্রত্যাশা রয়েছে যে, বিএনপি সরকার গঠন করে দেশকে সামনে এগিয়ে নেবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।

















































