কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ’সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো
আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি অনুযায়ী তিনি যাবতীয় অবসরজনিত সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম কোনো সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।


















































