কবিতা

নির্ঘুম

দীপান্বিতা পালিত

তুমি কি আমার চোখের জলে ছিলে!
মেঘ থরোথরো বাদল দিনের সাজে,
হাতে তুলে দিলে অশ্বমেধের চাবি,
গোপনে করবো? ভুলে যাওয়া কোন দাবি!
বলো, তুমি সেই অধিকারটুকু দেবে?
ঠোঁটে তুলে নেবে প্রথম বাদল-জল
ঘন ঘন বাজ- আহত ঘোড়ার নাল,
ঘুমাইনি, আমি ঘুমাইনি বহুকাল…

 

স্বপ্নডানায় ঝুলে থাকে চোখ

মুহাম্মদ রফিক ইসলাম

চোখের ভেতর উঁকি দিয়ে গেলে স্বপ্ন
পলক স্থির হয়ে বসে থাকে পাতায়
আহ্লাদী আহ্লাদে পুলকিত মণি
দ্যূতি মেলে ধরে গন্তব্য দূরত্বে
হৃদয়কোণের বসতি স্থাপনার সিঁড়ি ধরে
পাহাড়ের ওপারে নেমে যায় আকাশের পা
মায়াবী নদী কুড়িয়ে রাখে স্ফীত-স্নিগ্ধ ছায়া
জলের ভেতর থেকে উঠে আসে যুবতী চাঁদ
জোছনার সৌন্দর্য মাখানো রূপালি হাসি
সুরভি সোহাগে বাড়ে গাছেদের শোভা
স্বপ্ন খুঁটে খুঁটে উড়ে যায় পাখি
মানুষের চোখ ঝুলে থাকে ডানায়

 

বসন্ত বিলাপ

মোহাম্মদ ইসমাইল

আবার এই দুর্দিনে- বসন্ত কিনা এসে গেছে মনে!
কথা ছিল সবকিছু সুন্দর আলাপনের মধ্যে দিয়ে
আমাদের দুজনার এই উদ্যম প্রেমিক হৃদয়ে –
একটি ভালবাসার নতুন বীজ রোপণ করে যাবো ;
তারপর আগুনমুখো এই বসন্তে আমি শুধু তোমার হবো;
কিন্তু পোড়ামুখী কোকিলার কুহু কুহু খপ্পরে পরে
আমাদের হাওয়া মিঠা স্বপ্নটা কোথা যেন গেল উড়ে!

 

তোমারই ভুলে

সুশান্ত হালদার

তোমারই ভুলে
দাবাড়ু মেঘ ঘাঁটি গেড়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে
তোমারই ভুলে
হারিয়ে গেছে বসন্ত- কাঁটানটে আর ঢোলকলমি ভিড়ে
তোমারই ভুলে
পাতানো খেলায় হেসেছে জুয়াড়ি বিষদাঁত কেলিয়ে
তোমারই ভুলে
সাত কোটি গোলাপ মেলেনি পাপড়ি গোর্কি মিছিলে
তোমারই ভুলে
অধিবেশন ফেলে চলে গেছি তিন-টেক্কার আসরে
তোমারই ভুলে
শরৎ বিকেলে যুঁই আর সাজেনি হেমন্ত চত্বরে
তোমারই ভুলে
পাতাবাহারী সব ডাল ছেঁটে ফেলেছে চন্দন ‘সেলুনে’
তোমারই ভুলে
রক্তকমল ফোটেনি আর হাকালুকি হাওরে
তোমারই ভুলে
ভাই-হারা বোন কেঁদেছে অনর্গল শহীদ মিনারে
তোমারই ভুলে
মুখ-গোমড়া-ঝড় চোখ লাল করেছে কমলকান্তি শ্রাবণে
তোমারই ভুলে
লাল টকটকে সূর্যও আজ উঠেছে কক্ষ-ভুলে উত্তরে
তোমারই ভুলে
প্রেমিকার কাছে শত্রু হয়েছি ভুল চুম্বন মিশনে
তোমারই ভুলে
বারো মাস ‘মহররম’ আমার বিষাদে ফুরাত স্মরণে!

 

 

যদিও বছর ফুরায়

মান্নান নূর

যদিও বছর ফুরায়,
যদিও বছর শিশিরকণার মতো নিঃশেষে রক্তক্ষরণ হয়,
হলুদাভ সরষে ফুলের মতো অন্তরালে বিলীন।
যদিও ডুবে যায় লাশের মহড়ায়,
যদিও বুকের ‘ওম’-এর মতো শান্তি নামে
বছরের কোনো এক রাতে।
সে রাত কাঁদে জেগে ওঠা বেহায়ার গাঙে।
আমাকে বোঝাও তুমি-
শালুকে, শাপলায়, কামিনী-শিউলি ফোটা রাত এলেই
বছর নান্দনিক হয়?
শান্তির নামে আমাদের বছর ফুরাবে,
নতুন বছরের কঙ্কালের গুহায়।