সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে সিব্বির আহমেদ হাসান নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুরঘাট রোডে টিএনটি অফিস সংলগ্ন তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার এহেসান সিদ্দির ছেলে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাদ্রাসার আবাসিক কক্ষেই বসবাস করতেন।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান তার স্বামী। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে গিয়ে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সুরতাহল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আপাতত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে।’
















































