এ মুহূর্তের সংবাদ

উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ

সুপ্রভাত ডেস্ক »
 

‘শত বাধা পেরিয়ে মোরা বাংলার গান গাই’ এই আহ্বানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদ। নন্দনকানন কাটাপাহাড় চত্বরে সকাল থেকেই গান, কবিতা, নৃত্য আর আলপনার রঙে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ, যেখানে মিলেছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক প্রতিবাদের সুর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর উদীচীর শিল্পীকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা রূপ নেয় এক মিলনমেলায়।
জীবনের গান, কবিতা ও নৃত্যের তালে তালে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেয় শিল্পীরা, যেখানে ছিল শিকড়ের টান আর প্রগতিশীল চেতনার সমন্বয়।
আয়োজনের শুরুতে সংক্ষিপ্ত কথামালায় সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রাবন্ধিক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর সহসভাপতি সুনীল ধর। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, সহসভাপতি ডা. অসীম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কথামালায় অংশ নিয়ে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক, সর্বজনীন ও প্রগতিশীল চেতনার প্রতীক। এটি শুধু নতুন বছরকে বরণ নয়, বরং মৌলবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এক ধরনের সাংস্কৃতিক প্রতিবাদ, যার সূচনা হয়েছিল ছায়ানটের মাধ্যমে এবং যা আজ বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

সাংবাদিক ও উদীচী সভাপতি জসীম চৌধুরী সবুজ বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণই হতে পারে মুক্তির পথ। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

বর্ণাঢ্য এই আয়োজনে একক সংগীত পরিবেশন করেন শুভাগত চৌধুরী, প্রীতিকনা শীল, অপর্ণা চৌধুরী, সীমা দাশ, নীলাশা দাশ, অর্নব দাশ ও সুভদ্রা চৌধুরী। নৃত্য পরিবেশন করে মাধুরী নৃত্যকলা একাডেমী, দি একাডেমি অফ ক্লাসিকাল অ্যান্ড ফোক ডান্স এবং সঞ্চারী নৃত্যকলা একাডেমী।

এছাড়া আবৃত্তি পরিবেশন করেন শীলু ভট্টাচার্য্য, জয়শ্রী মজুমদার, জয়তী ঘোষ ও শান্তা সেনগুপ্ত। দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মী ও ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ।