অপশক্তির কাছে মাথা নত নয়, যেখানেই আঘাত সেখানেই প্রতিরোধ : জামায়াত আমির

সুপ্রভাত ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ দলের উশৃংখল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কোনো দুর্বলতা প্রদর্শন না করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে মজলুমের পাশে দাঁড়িয়ে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

স্ট্যাটাসে- নির্বাচনোত্তর পরিবেশে আপনারা (দেশবাসী) সবাই কেমন আছেন? জানতে চেয়ে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।

তিনি বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।