সুপ্রভাত ডেস্ক »
সরকারের প্রথম একনেকে উত্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রথম একনেকে উত্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে আলোচনা হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে কয়েকটি।
তিনি বলেন, সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি ১৩শর অধিক প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্প গুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করা হবে।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা অতীতে দেখেছি যে, রাষ্ট্রের সঙ্গে জনগণের বিযুক্তি ঘটেছে। কারণ অনেক সময় নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেনি। সরকার নির্বাচনের সময়ে ইশতেহার দিয়েছে এবং সেই ইশতেহারে কতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন ওই প্রতিশ্রুতিগুলো সরকারের অ্যাজেন্ডায় পরিবর্তিত হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটি এখন সরকার পরিচালনার অর্থাৎ জাতীয় অ্যাজেন্ডায় পরিণত হয়েছে এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের দিকে বিভিন্ন আকারে প্রকল্পগুলো আনবে। মেট্রোরেলসহ বেশ কয়েকটা প্রজেক্ট আছে এগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একটা ব্রড কমিটি হবে। এই কমিটি বিবেচনা করবে যে কি কি প্রকল্পগু আসলে জনগণের জন্য দরকার।


















































