হাটহাজারীতে ভাড়া বাসায় কিশোরীর ঝুলন্ত মরদেহ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুন্নি আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুরের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন মুন্নি আক্তার। বুধবার রাতে তিনি নিজ শয়নকক্ষে প্রবেশ করার পর দীর্ঘ সময় ধরে তাকে ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্নির মরদেহ দেখতে পান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।