সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশীসহ দুজন নিহত

সুপ্রভাত ডেস্ক »

আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে গতকাল চালানো এ হামলায় ১২ জন আহত হওয়ার তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হতাহতদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি এখনো।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। তাদের দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রাডার ধ্বংস করেছে।

‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থাড হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোয় পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে দেশটি। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।

ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশী নিহত হয়েছিলেন। কুয়েতসহ আরো কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশীদের আহত হওয়ার খবর আসে।