সীতাকুণ্ডে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবদলকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সজিব চৌধুরী আকাশ মীরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে তার নানার বাড়িতে বসবাস করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী এলাকায় বিএনপি নেতা আবদুল আলিমের সমর্থক ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। ওই ঘটনার পর থেকেই সজিব নিখোঁজ ছিলেন। পরে রাতেই তার পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

পরদিন সকালে স্থানীয়রা গুপ্তখালী গ্রামের একটি সবজি ক্ষেতে সজিবের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় দুই সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীর মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।