সীতাকুণ্ডে আগুনে পুড়লো খামারের ২৩ গরু-ছাগল

সুপ্রভাত ডেস্ক »

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে আগুনে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগলসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোয়ালিনী গেট এলাকায় মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে।

খামারের মালিক মো. হাবিবুর রহমান জানান, রাতে খামারের পাশের একটি মুদি দোকান থেকে আগুন লেগে খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে যায়। এ সময় খামারের একটি গরু বের করা সম্ভব হয়।

এই খামার গড়তে নেওয়া হয় ১৪ লাখ টাকা ব্যাংক ঋণ। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১৬ কিলোমিটার দূরে ঘটনাস্থল যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।