সিএমপির বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

সুপ্রভাত ডেস্ক »
সিএমপির বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমিন উল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), একটি দেশীয় পাইপগান, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫৫টি তাজা পিস্তলের গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ, একটি খালি কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, তিনটি ছোরা ও একটি কাঁচি উদ্ধার করা হয়।এ ছাড়া ৮৮০টি ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, দুটি বডি ওর্ন ক্যামেরা, একটি ব্যাটারি চার্জার, একটি অস্ত্রের কিট বক্স, দুটি স্প্রে কিট, একটি লোহার বেসবল ব্যাট, একটি ড্রিল মেশিন, দুটি পলিথিন সিল মেশিন, একটি টুলবক্স ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।তিনি জানান, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।