সুপ্রভাত ডেস্ক »
এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-লোয়াবের (LOAB) এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির অনুরোধ জানানো হয়েছে।
লোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কিন্তু এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হতে সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যেই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
লোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের মুহূর্তে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব।
এমতাবস্থায়, লোয়াবের পক্ষ থেকে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য সনির্বন্ধ অনুরোধ জানানো হয়।


















































