সবাই মিলে রাঙ্গুনিয়াবাসীর জন্য কাজ করবো: হুমাম কাদের

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনে যে-ই জয়ী হোক সবাইকে নিয়ে রাঙ্গুনিয়াবাসীর জন্য মিলেমিশে কাজ করবো। আমি শুধু দলের এমপি হতে চাই না, সকল মতের সকল মানুষের এমপি হতে চাই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহু বছর পর নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি।

অনুভূতি অন্যরকম। সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে।
আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।