ফজলে এলাহী, রাঙামাটি »
রাঙামাটিতে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে সাতটা থেকে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
রাঙামাটি জেলায় নির্বাচনে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনীর সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ১২জন ম্যাজিস্ট্রেট।
নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রতিটি ভোট সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম সার্বিক কার্যক্রম তদারকি করছেন।
নির্বাচনে উপলক্ষে জেলা-উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপুর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ জসিম উদ্দিন (হাতপাখা), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
রাঙামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।
















































