মার্কেটের ছাদ থেকে লাফ দিয়ে তরুণ আহত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘গুলজার টাওয়ার’ নামে একটি ভবন থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ছয়তলা বিশিষ্ট ওই ভবন থেকে যুবকটির লাফ দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতনামা এক যুবক গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তাকে বাঁচাতে কে বা কারা তার হাত ধরে ফেলেন। ধস্তাধস্তি করে যুবকটি লাফ দিয়ে বসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ওসি (তদন্ত) নাজের হোসাইন বলেন, গুরুতর আহত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জীবিত আছে। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। যুবকটি মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।