সুপ্রভাত ডেস্ক »
সত্তরোর্ধ্ব মোহাম্মদ সানাউল্লাহ নগরের পাহাড়তলী এলাকার মাস্টার লেইনের বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ হলেও ওয়াকারের ওপর ভর করে নাতি মোহাম্মদ জনিকে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে এসেছেন পাহাড়তলীর বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তিনি বলেন, দীর্ঘদিন ভোট দিতে পারিনি।
আজ ভোট দিয়ে খুবই ভালো লাগছে। শারীরিক কষ্ট থাকলেও কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি। তবে কেন্দ্রে লম্বা লাইন। বুথের সংখ্যা বাড়ালে ভালো হতো।
নাতি মোহাম্মদ জনি বলেন, আমার নানা ভোট দেওয়ার জন্য বাসায় আগেই বলে রেখেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। গত ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি খুব খুশি।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সার্জেন্ট শুকদেব বলেন, আমাদের কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।সকাল থেকে সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিজু চৌধুরী বলেন, আমাদের কেন্দ্রে মোট ৩ হাজার ৩৪৪ জন নারী-পুরুষ ভোটার রয়েছেন। ভোটগ্রহণ শুরুর আড়াই ঘণ্টায় ১৪ দশমিক ৯৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য। কেন্দ্রে লম্বা লাইন রয়েছে।
ভোটগ্রহণ দ্রুত সম্পন্ন করতে বুথগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।