ভারত চ্যাম্পিয়ন ফাইনালে ভরাডুবি বাংলাদেশের

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

লিগ পর্বে ভারতের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তাই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ভারতের সাথে ফেভারিট ধরা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। তবে মাঠের লড়াইয়ে অতীত ছিন্নভিন্ন করে জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শনিবার নেপালের পোখারায় বাংলাদেশ কোনো পাত্তাই পায়নি ভারতের কাছে। ৪-০ গোলে হেরে ট্রফি হারিয়ে ঘরে ফেরার ব্যাগ গোছাচ্ছে পিটার বাটলারের দল। ২০১৮ সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাফের এই প্রতিযোগিতা হয়ে থাকে কখনো অনূর্ধ্ব-১৮, কখনো অনূর্ধ্ব-১৯ ও কখনো অনূর্ধ্ব-২০ বয়সের।
এর আগে হওয়া ৬ আসরে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়া ফুটবলে। ২০২৪ সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিলো ভারত।