পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বে চলমান যুদ্ধ ও জুলুম বন্ধ করে শান্তির ফয়সালা কামনায় আল্লাহর দরবারে দোয়া করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তার শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোশ আমদেদ সকলের তরে।’
যুদ্ধ কোনো সমাধান হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধ সমাধান নয়; যুদ্ধ কল্যাণের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। চলমান এই পরিস্থিতিতে জুলুমের শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তা’য়ালা তাদের শহীদ হিসেবে কবুল করুন।’
বার্তায় জামায়াত আমির আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের উপর আল্লাহ তা’য়ালা সহায় হোন।
সবশেষে তিনি দোয়ার মাধ্যমে বার্তা শেষ করেন— ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন)।

















































